সবুজের খোঁজে
কবিতা:- সবুজের খোঁজে।
কবি:- সোহন ঘোষ।
১
শহরের বাড়িতে আর ভালো লাগে না, বাইরে বেরিয়ে যেতে ইচ্ছে করে—আলোর খোঁজে। কিন্তু এ শহরে আলো মেলে না, মেলে না সবুজের ছায়াও। অট্টালিকা ছায়ায় ঢেকে যায় সূর্যের মুখ। কখনো গুলির মোড়ে যদি চোখে পড়ে আকাশের ছোঁয়া, তবু তাকিয়ে থাকার ফুরসত হয় না—যানবাহনের শব্দে মন ঘুরে যায়, নজর সরিয়ে দেয়।
রাতে ঘুমাতে গেলে চারপাশ জুড়ে শব্দের হাহাকার, কান জ্বলে, ঘুম আসে না, বুকে চেপে আসে দুশ্চিন্তা। এই শহরে মনোযোগ দিয়ে পৃথিবীকে দেখা যায় না, বুক ভরে নিতে পারি না শ্বাস।
গ্রামের কথা মনে পড়ে, মন করে হাঁসফাঁস—সেখানেই লুকিয়ে থাকে স্বপ্নের একটু শান্তি।
২
এ কী আজ? গ্রামেও এসে পড়েছে যন্ত্রমানবের ছায়া, জঙ্গল কেটে গড়ে উঠছে কারখানা। চোখ আর চাই না সবুজ ধ্বংসের দৃশ্য।
বিকেলের আলোয় দেখি—অবসন্ন মানুষের গায়ে ধুলোর চিহ্ন। তাদের ক্লান্ত চোখে ঘুরে বেড়ায় অজানা দুঃস্বপ্ন, তখনই মনে হয়, হয়তো শহরই ভালো ছিল!
তবু দ্বিধার ছায়া কাটে না অন্তরে, কোনটা সঠিক বুঝে ওঠা যায় না, শহর নাকি গ্রাম—কোথায় রাখব মন, কোথায় পাবো প্রকৃতির আশ্রয়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন